থানায় ঢুকে পুলিশকে ঘিরে বিক্ষোভ, তৃণমূল নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা!
দুর্নীতি, তোলাবাজি ও কাটমানি আদায়ের অভিযোগে উত্তাল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। মঙ্গলবার বিকেলে মসজিদবাটি এলাকায় স্থানীয় তৃণমূল নেতা পবিত্রকে ঘিরে স্থানীয় বাসিন্দারা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযোগ, সরকারি আবাস যোজনার উপভোক্তাদের থেকে কাটমানি আদায়, দোকানদার ও সাধারণ মানুষের থেকে তোলাবাজি এবং ভয় দেখানোর মতো একাধিক অপরাধে জড়িত ছিলেন ওই নেতা। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের জেরে মঙ্গলবার বিকেলে পরিস্থিতি চরম আকার ধারণ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পথে স্থানীয় জনতা বাধা দেয়। পুলিশের হেফাজত থেকে ওই নেতাকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টাও করা হয়। শেষ পর্যন্ত পুলিশ কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে অভিযুক্তকে থানায় নিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে ওই তৃণমূল নেতার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।