পাসপোর্ট তৈরিতে বড় খরচ, ১ জুলাই থেকে বদলে যাচ্ছে ফি!
আগামী ১ জুলাই ২০২৬, বুধবার থেকে ভারতজুড়ে পাসপোর্টের নতুন ফি কাঠামো কার্যকর হতে যাচ্ছে। দীর্ঘ ১৪ বছর পর বিদেশ মন্ত্রক পাসপোর্টের আবেদন ও পুনর্নবীকরণের খরচে এই বড় পরিবর্তন আনছে। এখন থেকে ৩৬ পৃষ্ঠার সাধারণ পাসপোর্টের ফি হবে ২,৫০০ টাকা এবং ৬০ পৃষ্ঠার সাধারণ পাসপোর্টের ফি হবে ৩,৫০০ টাকা। এছাড়া ৩৬ পৃষ্ঠার তৎকাল পাসপোর্টের ফি ৫,০০০ টাকা এবং ৬০ পৃষ্ঠার তৎকাল পাসপোর্টের ফি ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মে নাবালকদের সাধারণ পাসপোর্টের আবেদন ফি ১,৭৫০ টাকা এবং তৎকাল আবেদনের ক্ষেত্রে ৪,২৫০ টাকা ধার্য করা হয়েছে।
পাসপোর্ট হারানো বা নষ্ট হয়ে গেলে তা পরিবর্তনের ক্ষেত্রে ৩৬ পৃষ্ঠার বুকলেটের জন্য ৭,৫০০ টাকা এবং ৬০ পৃষ্ঠার বুকলেটের জন্য ৮,৫০০ টাকা ফি দিতে হবে। পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC), সারেন্ডার সার্টিফিকেট এবং গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম ভেরিফিকেশনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা। তবে পাসপোর্টের মেয়াদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ১০ বছর ও নাবালকদের জন্য ৫ বছর নিয়মটি অপরিবর্তিত থাকছে। এছাড়া ৮ বছর পর্যন্ত শিশু এবং ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য পাসপোর্টে ১০ শতাংশ ছাড়ের সুবিধা আগের মতোই বহাল থাকবে। অনলাইন আবেদন প্রক্রিয়া ও পুলিশ ভেরিফিকেশনের নিয়মও একই থাকছে।