ঘুমের ঘোরে কাঁচি চালিয়ে শিশুর আঙুল কাটলেন কর্মী!

মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্যালাইনের চ্যানেল খোলার সময় এক অস্থায়ী কর্মীর অসতর্কতায় তিন মাস বয়সী এক শিশুকন্যার বাম হাতের বুড়ো আঙুল কেটে বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার বাসিন্দা মিজানুর রহমানের শিশুটি চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি ছিল। অভিযোগ, স্যালাইন খোলার সময় উজ্জ্বল সাহা নামের ওই কর্মী কাঁচি দিয়ে টেপ কাটার সময় ভুলবশত শিশুটির আঙুল কেটে ফেলেন। অভিযুক্ত কর্মীর দাবি, রাতে ডিউটির ক্লান্তিতে ‘ঘুমের ঘোরে’ এমন দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও, ঘটনা প্রকাশ পাওয়ার পর ওই কর্মী ও তার সহযোগীরা শিশুটির মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার জেরে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালে সুপার ডাঃ সুমিত তালুকদার পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ গ্রহণ করেন। অভিযুক্ত অস্থায়ী কর্মীকে তাৎক্ষণিকভাবে কাজ থেকে অব্যাহতি দিয়ে শো-কজ করা হয়েছে এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMOH) নির্দেশে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, শিশুটির পরিবারের পক্ষ থেকে চাঁচল থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট এজেন্সির ভূমিকা ও হাসপাতালের তদারকি নিয়ে স্থানীয় সচেতন মহলে প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *