কাউন্সিলর স্বামীকে এনআইএ তুলতেই রণক্ষেত্র রিষড়া, কী বললেন স্ত্রী!
সাম্প্রদায়িক উসকানির অভিযোগে ২০২৩ সালের রামনবমীর অশান্তির একটি পুরনো মামলায় রিষড়া পুরসভার কাউন্সিলর সাকির আলিকে গ্রেপ্তার করেছে এনআইএ। মঙ্গলবার সকালে রিষড়ার গান্ধী সড়কে অবস্থিত তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর এনআইএ আধিকারিকরা তাঁকে গ্রেপ্তার করেন। সাকির আলি প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী।
কাউন্সিলরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর অনুগামী ও স্থানীয় বাসিন্দারা বাড়ির সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের দাবি, সাকির আলি দাঙ্গায় উসকানি দেননি বরং অশান্তির সময় মানুষকে রক্ষা করেছেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে বেশ বেগ পেতে হয়। এই গ্রেপ্তারির ঘটনাকে ‘অন্যায়’ ও ‘অনৈতিক’ বলে অভিহিত করেছেন অপরূপা পোদ্দার। শেষ পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ও পুলিশি সহায়তায় এনআইএ-র দলটি কাউন্সিলরকে নিয়ে এলাকা ছাড়ে।