ভুয়ো এসসি-এসটি সার্টিফিকেট নিলেই জেলের পথে! কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বাঁকুড়ায় হুল দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভুয়ো তপশিলি জাতি (SC) ও উপজাতি (ST) শংসাপত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এ ধরনের অবৈধ শংসাপত্র প্রদান করেছেন এবং যারা সেগুলো গ্রহণ করেছেন—উভয়কেই চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং জেলে পাঠানো হবে। রাজ্যের প্রাক্তন সরকারের আমলে হাজার হাজার ভুয়ো সার্টিফিকেট বিলি করা হয়েছে বলে অভিযোগ করে তিনি জানান, আদিবাসীদের নামে এই জালিয়াতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং বিষয়টি নিয়ে দপ্তর তদন্ত শুরু করেছে।

জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এদিন একাধিক ঘোষণা করেছেন তিনি। এর মধ্যে রয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়নের জন্য ১২০০ কোটি টাকা ও আদিবাসী এলাকার উন্নয়নের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ। পাশাপাশি, ‘জয় জোহার’ ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে এবং আদিবাসী হোস্টেলে থাকা শিক্ষার্থীদের খাদ্যভাতা বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে। দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে তিনি দাবি করেন, পূর্বতন সরকার জঙ্গলমহলের উন্নয়নের পথ আটকে রেখেছিল। উল্লেখ্য, রাজ্যে ওবিসি, এসসি ও এসটি শংসাপত্র নিয়ে চলমান বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *