হাইকোর্টে ধাক্কা অভিষেক-সহায়কের, বাড়ল অস্বস্তি!
কলকাতা: শালবনি জমি দুর্নীতি ও গড়বেতায় চাকরির নামে দুর্নীতি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের করা ‘জরুরি শুনানির’ আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ঘোষের এজলাসে সুমিতের আইনজীবী মামলাটি দ্রুত শুনানির আর্জি জানালে আদালত তা নাকচ করে দেয়। আদালত স্পষ্ট জানিয়েছে, এই মামলার শুনানি কোনো জরুরি বেঞ্চে হবে না; বিষয়টি নিয়মিত বেঞ্চ অর্থাৎ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসেই শোনা হবে। ফলে আপাতত কোনো আইনি সুরক্ষা ছাড়াই প্রকাশ্যে অবস্থান থেকে দূরে থাকতে হচ্ছে সুমিত রায়কে।
শালবনি ও গড়বেতায় জমি ও চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই মেদিনীপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তদন্তের প্রয়োজনে পুলিশ তাঁর খোঁজ করছে। এমনকি সুমিতের মোবাইলের সর্বশেষ লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় পাওয়া যাওয়ায় পুলিশ সেখানে তল্লাশি চালালেও তাঁকে খুঁজে পায়নি। জরুরি শুনানির আবেদন খারিজ হওয়ায় এবং মামলাটি নিয়মিত বেঞ্চে যাওয়ায় সুমিত রায়ের আইনি লড়াই দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি অস্বস্তি আরও বেড়েছে।