বেঙ্গালুরুতে খনি ধসের করুণ পরিণতি, প্রাণ গেল অন্তত ৭ জনের!
বেঙ্গালুরুর পাথর খাদানে ধসে মৃত ৭, আহত ৫
বৃহস্পতিবার দুপুরে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর উপকণ্ঠে মাদাপাট্টানা গ্রামের একটি পাথর খাদানে কাজ চলাকালীন পাহাড়ের ওপর থেকে বিশাল আকারের বোল্ডার ভেঙে পড়ে অন্তত সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও পাঁচজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘কাবেরী কোস্পানি’র মালিকানাধীন এই খাদানে খননকাজ চলার সময় প্রায় ৪০ ফুট ওপর থেকে পাথরের চাঙড়টি শ্রমিকদের ওপর ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় সেখানে প্রায় ১৮ জন শ্রমিক কর্মরত ছিলেন এবং হতাহতদের অধিকাংশই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডিনামাইট বা বিস্ফোরণ নয়, বরং মাটি ক্ষয়ের কারণেই পাথরটি আলগা হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এই মৃত্যুকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। খনি কর্তৃপক্ষ সরকারি সুরক্ষাবিধি মেনে কাজ করছিল কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রাজ্যজুড়ে পাথর খাদানগুলোর জন্য নতুন ও কঠোর গাইডলাইন জারি করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ ইতিমধ্যে খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো গাফিলতি ছিল কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে।