শিল্পায়নে ঐতিহাসিক সিদ্ধান্ত, ১০০ কোটির বিনিয়োগে মিলবে ছাড়!
হুগলির ডানকুনিতে লাক্স কোজ়ি ইন্ডাস্ট্রির দ্বিতীয় ইউনিটের উদ্বোধনে এসে রাজ্যের শিল্পায়নের প্রসারে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গকে গুজরাট বা তামিলনাড়ুর মতো শিল্পবান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্য নিয়ে তিনি বিনিয়োগকারীদের হয়রানি কমাতে একগুচ্ছ নতুন নীতি ও সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। শিল্পায়নের জন্য জমি প্রাপ্তি থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক অনুমোদন নিয়ে আর কোনো জটিলতায় পড়তে হবে না বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সিঙ্গুর-নন্দীগ্রামের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে রাজ্য সরকার ‘ডাইরেক্ট ল্যান্ড পারচেজ় পলিসি’ বা সরাসরি জমি ক্রয় নীতি কার্যকর করছে, যেখানে সরকার জমি সংগ্রহ করে শিল্পপতিদের কাছে হস্তান্তর করবে। এছাড়া ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে স্থানীয় স্তরে কোনো অনুমোদনের প্রয়োজন হবে না। একইসঙ্গে শিল্পপতিদের হয়রানি কমাতে ডব্লিউবিআইডিসি (WBIDC), ভূমি দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সকল ছাড়পত্র ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’-এর মাধ্যমে এক জায়গা থেকে দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে।