অন্নপূর্ণা যোজনায় নথি বিকৃতির অভিযোগ, গ্রেফতার পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি!

সরকারি প্রকল্পের নথিতে কারচুপির অভিযোগে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযোগে তাঁর ভাইপো ও পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় এবং ওই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাসকেও গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে লাখরা গ্রাম ও পাড়ুই গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

বিজেপির অভিযোগ, গত ৭ জুলাই গভীর রাতে পুঞ্চা ব্লক অফিসে অনধিকার প্রবেশ করে অন্নপূর্ণা যোজনার মতো সরকারি প্রকল্পের নথি কারচুপি করছিলেন অভিযুক্তেরা। যোগ্য উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের খবর পেয়ে স্থানীয় বিজেপি কর্মীরা ব্লক অফিসে বিক্ষোভ দেখান ও পরে থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে ব্লক অফিসের দুই কর্মীকে গ্রেফতার করা হলেও, পরবর্তী সময়ে নতুন অভিযোগের ভিত্তিতে এই তিন নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের রবিবার আদালতে হাজির করানো হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *