১২ বছর পর ঘরে ফিরল মূক ও বধির মেয়ে, ফিরে পেলেন কি হারানো সেই স্মৃতি!
১২ বছর পর পরিবারের কাছে ফিরল বার্লিন অলিম্পিকে সোনা জয়ী মূক ও বধির মায়া বর্মন
কোচবিহারের বক্সিরহাট থানার বালাকুঠি গ্রামের বাসিন্দা মূক ও বধির মায়া বর্মন দীর্ঘ ১২ বছর পর পরিবারের কাছে ফিরে এল। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে কাজের সন্ধানে বেরিয়ে ভুল ট্রেনে উঠে নিখোঁজ হয়ে গিয়েছিল সে। উত্তর দিনাজপুরের স্টেশন থেকে পুলিশ তাকে উদ্ধারের পর সরকারি শিশু কল্যাণ কমিটির মাধ্যমে হাওড়ার বাগনানের একটি হোমে পাঠায়। দীর্ঘ সময় সেই হোমের আশ্রয়ে থাকার পর সম্প্রতি আধার কার্ড তৈরির জন্য বায়োমেট্রিক তথ্য যাচাই করতে গিয়ে তার পুরনো ঠিকানার সন্ধান মেলে। এরপরই স্থানীয় প্রশাসনের সহযোগিতায় হাওড়ার হোম থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয় এবং গত বুধবার আদালতের অনুমতি নিয়ে সে বাড়িতে ফেরে।
হাওড়ার সরকারি হোমে থাকাকালীনই মায়ার প্রতিভা বিকশিত হয় এবং সে ভলিবল খেলায় পারদর্শী হয়ে ওঠে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে। এর মধ্যে ২০২৩ সালে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ‘স্পেশ্যাল অলিম্পিকস’-এ দেশের প্রতিনিধিত্ব করে সে স্বর্ণপদক জয় করে। দীর্ঘ সময় পর মেয়ের ঠিকানায় পৌঁছানো এবং তার একের পর এক আন্তর্জাতিক সাফল্যের খবর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মায়ার বাবা মনোজ বর্মন।