মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, বারুইপুরের গণপিটুনিকাণ্ডে ধৃত বেড়ে ৭!

বারুইপুরে গণপিটুনিতে ৩৫ বছর বয়সী যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শনের পর এই মামলায় নতুন করে আরও দুজনকে গ্রেফতার করায় মোট ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। ধৃতরা হলো ফারুক সর্দার, রাজেশ সর্দার, শরিফুল মল্লিক, সাবিউদ্দীন বৈদ্য, ফরিদ শেখ, আবু সিদ্দিক সর্দার এবং শামিম আলি খান। অভিযুক্তদের বিরুদ্ধে গণপিটুনি, সরকারি কাজে বাধা ও অশান্তি ছড়ানোর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্তের স্বার্থে গ্রেফতারের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার মুখ্যমন্ত্রী নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক ও নিহতের দাদাকে সিভিক ভলান্টিয়ার পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। এ সময় তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাতদের উস্কানিতেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে। প্রশাসন নিহতের ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের ব্যবস্থাও নিয়েছে। প্রসঙ্গত, গত রবিবার এলাকায় এক নাবালিকার মরদেহ উদ্ধারের ঘটনার পর উত্তেজনা সৃষ্টি হয় এবং সেই সুযোগে ইন্দ্রজিৎ মণ্ডলকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে হত্যা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সূর্যপুরে একটি নতুন পুলিশ ফাঁড়িরও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *