ভোটার তালিকায় নাম তুলতে এবার লাগবে মা-বাবার তথ্য, জানুন নতুন নিয়ম!
ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনল নির্বাচন কমিশন। এখন থেকে নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য আবেদনকারীদের নিজস্ব নথিপত্রের পাশাপাশি তাদের মা-বাবা কিংবা দাদু-দিদার ‘এসআইআর’ (Special Intensive Revision) সংক্রান্ত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। কমিশনের অনলাইন পোর্টাল ‘ইসিআইনেট’-এ ফর্ম ৬-এর নতুন সংস্করণে এই নিয়ম যুক্ত করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী, অনলাইন ফর্ম পূরণের সময় আবেদনকারীকে তিনটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে হবে, যেখানে পরিবারের সদস্যদের ভোটার তালিকায় নাম থাকা বা না থাকার তথ্য বিস্তারিতভাবে জানাতে হবে।
যদি আবেদনকারী পরিবারের কোনো সদস্যের নাম ভোটার তালিকায় থাকার বিষয়টি নির্বাচন করেন, তবে তাঁকে নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র, পোলিং বুথ নম্বর এবং ভোটার তালিকার সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে। ভোটারদের সঠিক ম্যাপিং এবং ভুয়ো ভোটার চিহ্নিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে। তবে আইনের যথাযথ সংশোধনী ছাড়া এ ধরনের প্রশাসনিক নির্দেশ এবং নতুন ভোটারদের ওপর অতিরিক্ত তথ্যের এই চাপ ভোটার কার্ড পাওয়ার প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছেন। তৃতীয় বিকল্পটি বেছে নিলে আবেদনের ওপর বাড়তি কোনো কড়াকড়ি করা হবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো নির্দেশিকা দেয়নি কমিশন।