তৃণমূল নেতার দাপট! আপন ভাইয়ের সম্পত্তি ও কোটি টাকা হাতানোর অভিযোগ!
মালদায় পৈতৃক সম্পত্তি দখল ও কোটি টাকা প্রতারণার অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা
তৃণমূল নেতার প্রভাবে নিজের দাদাকে ভিটেছাড়া করা এবং ব্যবসার নামে প্রায় এক কোটি টাকা প্রতারণার অভিযোগে শিরোনামে উঠে এসেছেন মালদার বৈষ্ণবনগরের আজিমুল হক। ভুক্তভোগী ব্যবসায়ী জিয়াউল হকের অভিযোগ, ২০১২ সালে বাবার অনুরোধে ভাই আজিমুল হককে ব্যবসার জন্য ১১ শতক জমিতে গোডাউন তৈরি করে দিলেও, তাকে সম্পত্তির ভাগ না দিয়ে উল্টে ক্ষমতা খাটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। জিয়াউলের আরও অভিযোগ, তার চেক বই চুরি করে বিভিন্ন আইনি মামলায় ফাঁসানো হচ্ছে এবং স্থানীয় কিছু দুষ্কৃতীর সহায়তায় তাকে নিয়মিত ভয় দেখানো হচ্ছে।
এই সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতা আজিমুল হক দাবি করেছেন, পৈতৃক সম্পত্তি তার বাবা তাকেই দিয়েছেন এবং তিনি কোনো প্রকার প্রতারণার সঙ্গে জড়িত নন। উল্টে তার বড় ভাই জিয়াউল হক মিথ্যে অপবাদ দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি। বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, জিয়াউল হকের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।