বঙ্গে ফের ভয়ংকর জালিয়াতি, এবার ভুয়ো ডাক্তারের কবলে রোগী!
সোমবার সকালে কলকাতার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চিকিৎসা ক্ষেত্রের দুর্নীতি, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নসহ একাধিক ইস্যুতে এদিন তিনি রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেন।
মহেশতলার সেবাশ্রয়ে ভুল চিকিৎসার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে এখন তথাকথিত ‘ভেজাল ডাক্তার’ দিয়ে চিকিৎসা করানো হচ্ছে। এছাড়া রাজ্যে গুন্ডাদমন আইন কার্যকর হওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, গত কয়েক বছরে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাই গুন্ডামির সঙ্গে জড়িত। পাশাপাশি, বারুইপুরে নাবালিকা ধর্ষণকাণ্ড, উত্তর ২৪ পরগনার বাগদায় ‘ভাইব্র্যান্ট ভিলেজ’ প্রকল্প বাস্তবায়নে রাজ্যের অস্বচ্ছতা এবং ২১ জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচি নিয়েও তিনি সরব হন। দলের অন্দরের ক্ষোভের জল্পনা উড়িয়ে তিনি জানান, রাজ্যসভার প্রার্থী মনোনয়নের বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত এবং তা সকলকে মেনে নিতে হবে।