ডিম হামলার ভয়ে এবার মাথায় হেলমেট পরেই আদালতে সিপিএম নেতা!
বারুইপুরের সূর্যপুরে গণপিটুনি ও খুনের ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার সিপিএম নেতা লাহেক আলিকে সোমবার বারুইপুর আদালতে পেশ করেছে পুলিশ। রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক সময়ে বিরোধী নেতাদের ওপর ডিম হামলার আশঙ্কায় পুলিশ তাঁকে প্রিজন ভ্যান থেকে নামানোর আগেই সতর্কতামূলকভাবে হেলমেট পরিয়ে আদালতে নিয়ে আসে। ধৃত এই বাম নেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও রেল আইনের অন্তত ১৫টি ধারায় মামলা রুজু করা হয়েছে।
আদালতে নিয়ে আসার সময় লাহেক আলি দাবি করেন যে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যে মামলায় তাঁকে ফাঁসিয়ে প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে। অন্যদিকে, সিপিএমের প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী এই গ্রেপ্তারির ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি লাহেক আলির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে সঠিক তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।