পুরীর রথযাত্রায় এবার নিশ্চিন্ত ভ্রমণ, নবদ্বীপবাসীর জন্য রেলের বড় উপহার!
নবদ্বীপ ধাম স্টেশন থেকে সরাসরি পুরীগামী ট্রেন চালানোর পরিকল্পনা পরিকাঠামোগত কারণে সম্ভব না হলেও, যাত্রীদের সুবিধার্থে বিশেষ কানেক্টিং ইএমইউ (EMU) লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামী ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই—এই ছয় দিন ট্রেনটি পরিষেবা দেবে। কাটোয়া থেকে প্রতিদিন সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে ট্রেনটি ব্যান্ডেল হয়ে সরাসরি কলকাতা স্টেশনে পৌঁছাবে। ব্যান্ডেল থেকে রাত ৯টা ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি কলকাতা স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।
এই বিশেষ লোকাল ট্রেনের যাত্রীরা কলকাতা স্টেশন থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া ‘কলকাতা-খুরদা রোড স্পেশাল’ (০৩১০১) ট্রেনটি ধরার জন্য হাতে ১ ঘণ্টা ১০ মিনিট সময় পাবেন। এই স্পেশাল ইএমইউ ট্রেনটি যাত্রাপথে প্রতিটি স্টেশনে থামবে। ‘কলকাতা-খুরদা রোড স্পেশাল’ ট্রেনটি পরের দিন সকাল ৭টা ৪০ মিনিটে ভুবনেশ্বর এবং ৯টা ৩৫ মিনিটে খুরদা রোড স্টেশনে পৌঁছাবে, যেখান থেকে সড়কপথে পুরী যাওয়া যাবে। এছাড়া রথযাত্রার ভিড় সামলাতে পুরী স্টেশনে যাত্রীদের জন্য অতিরিক্ত টিকিট কাউন্টার, অস্থায়ী ওয়েটিং রুম এবং পানীয় জল ও খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।