বার্থডে পার্টির আনন্দ মুহূর্তে বিষাদ, ছাদ ধসে প্রাণ গেল ১০ জনের!
July 14, 2026
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় সোমবার রাতে একটি বাড়ির ছাদ ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অতিথিরা ওই বাড়িতে জড়ো হয়েছিলেন। মুষলধারে বৃষ্টির মধ্যে হঠাৎই বাড়িটির ছাদ ভেঙে পড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসনের প্রাথমিক ধারণা অনুযায়ী, একটানা প্রবল বর্ষণের ফলে পুরনো বাড়িটির কাঠামো দুর্বল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকা আছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।