পুলিশ প্রশাসনে বড় রদবদল, সিআইডি-র নতুন মাথায় রমেশ বাবু!
কলকাতা ও রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। মঙ্গলবার জারি করা এক নির্দেশিকায় কলকাতা ও রাজ্য পুলিশের ৩৩ জন আইপিএস (IPS) ও ডব্লিউবিপিএস (WBPS) পদমর্যাদার আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলের মধ্যে দিয়ে সিআইডি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, বিধাননগর পুলিশ কমিশনারেট এবং উত্তরবঙ্গ রেঞ্জসহ জেলাস্তরের গুরুত্বপূর্ণ পদগুলিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
এই রদবদলের উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে সিআইডি-র এডিজি ও আইজিপি সুপ্রতিম সরকারকে সরিয়ে রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশন শাখার এডিজি করা হয়েছে এবং তাঁর পদে এসেছেন রমেশ বাবু। এছাড়া, বিশাল গর্গকে আইবি-র এডিজি, রাঠোর অমিতকুমার ভারত-কে বিধাননগরের পুলিশ কমিশনার এবং সুকেশ কুমার জৈনকে উত্তরবঙ্গের নতুন আইজিপি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি দার্জিলিং ও কোচবিহারসহ বেশ কয়েকটি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের পাশাপাশি কলকাতা পুলিশ, বারুইপুর, পূর্ব মেদিনীপুর ও সুন্দরবন এলাকায় পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়েও রদবদল সম্পন্ন হয়েছে। নবান্নের পক্ষ থেকে একে ‘রুটিন প্রশাসনিক বদলি’ হিসেবে অভিহিত করা হয়েছে।