TET পেপার লিক, মেধাবীদের ভবিষ্যৎ নিয়ে কেন এই ছিনিমিনি!
মহারাষ্ট্র টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) প্রশ্নপত্র ফাঁসের জেরে পরীক্ষা বাতিল হওয়ায় প্রায় ৬ লাখ পরীক্ষার্থী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। ঘটনার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নতুন পরীক্ষার তারিখ নিয়ে প্রশাসনের তরফ থেকে কোনো ঘোষণা না আসায় ক্ষোভ বাড়ছে। এই প্রেক্ষাপটে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারকে নিশানা করে প্রশ্নপত্র ফাসের ঘটনাকে শিক্ষা ব্যবস্থার ‘কাঠামোগত ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
তদন্তকারী দল (SIT) সূত্রে জানা গেছে, এই চক্রের মূল হোতা বিজেন্দ্র কুমার গুপ্তা ও সোনুকুমার কিষাণলালকে ধরতে দিল্লি, আগ্রা, বিহার ও হরিয়ানায় তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি একটি আন্তঃরাজ্য বড় নেটওয়ার্ক বলে ধারণা করা হচ্ছে। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় রাহুল গান্ধী দ্রুত নতুন পরীক্ষার সময়সূচী ঘোষণা ও পরীক্ষার সুযোগ হারানো শিক্ষার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় বিশেষ ছাড় দেওয়ার দাবি জানিয়েছেন। এই সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৭ জুলাই দেরাদুনে একটি কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।