কাজ না করলে বাতিল টেন্ডার, মন্ত্রী অগ্নিমিত্রার কড়া হুঁশিয়ারি!

রবীন্দ্র ও সুভাষ সরোবরের বেহাল দশায় ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দিলেন কড়া হুঁশিয়ারি

কলকাতা: রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর এলাকার রক্ষণাবেক্ষণ ও পরিষেবার বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরোবর চত্বর পরিদর্শনের পর রক্ষণাবেক্ষণকারী এজেন্সিগুলোর কাজের তীব্র সমালোচনা করে তিনি সতর্কবার্তা দেন। মন্ত্রী অভিযোগ করেন, লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো যথাযথ কাজ করছে না। তিনি স্পষ্ট জানান, কাজে গাফিলতি বজায় থাকলে প্রয়োজনে টেন্ডার বাতিল করা হবে এবং দায়িত্ব পালনে ব্যর্থ সংস্থাগুলোর পাওনা থেকে টাকা কেটে নেওয়া হবে।

সরোবর চত্বরে জুয়া ও গাঁজার আসর বসা, বেআইনি নির্মাণ, গাছ কাটা এবং শৌচালয়ে জল ও বিদ্যুতের অভাব নিয়ে মন্ত্রী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এছাড়া ফিশিং ক্লাবের কার্যকলাপ ও সরকার রাজস্ব পাচ্ছে কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। একই সফরে মন্ত্রী জানান, পূর্ববর্তী সরকারের আমলের দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। এছাড়া প্রশাসনিক কাজের গতি বাড়াতে কলকাতা পুরসভার ওয়ার্ড বৃদ্ধি এবং রাজ্যে ৪০০টি নতুন পঞ্চায়েত আসন তৈরির পরিকল্পনার কথাও তিনি সংবাদমাধ্যমকে জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *