সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার রাজ্যের, কাদের জন্য খোলা রইল পথ?
কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যের ওবিসি তালিকা থেকে ৭৭টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা আপিল মামলাটি প্রত্যাহার করে নিল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্য মন্ত্রিসভা এবং অনগ্রসর শ্রেণি কমিশন এই আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সর্বোচ্চ আদালত এই আবেদন মঞ্জুর করলেও জানিয়েছে, অন্য কোনো ক্ষতিগ্রস্ত পক্ষ চাইলে তারা নিজস্ব আপিল চালিয়ে যেতে বা নতুন করে মামলা দায়ের করতে পারবে।
ওবিসি সংরক্ষণ ইস্যুতে নতুন কৌশলে এগোচ্ছে রাজ্য সরকার। সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ সহ দুটি সংশোধনী বিল পেশ করা হয়েছে, যার মাধ্যমে অনগ্রসর শ্রেণি কমিশনের কাজের পরিধি বৃদ্ধি ও কমিশনকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিধানসভায় এই বিল পাশের পূর্বেই ওবিসি শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর অভিযোগ, নতুন বিজ্ঞপ্তি জারির বিষয়ে রাজ্য সরকার অনগ্রসর শ্রেণি কমিশনের সঙ্গে কোনো আলোচনা করেনি।