টাকা নিয়ে কাজ কেন হচ্ছে না? সংস্থাগুলোকে কড়া হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল!
শহরের রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের বেহাল দশা এবং রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে কড়া পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সরোবর চত্বর সরেজমিনে পরিদর্শন শেষে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সরকারি টাকা খরচ করেও কাজের কাজ কিছুই না হওয়ায় বর্তমান দায়িত্বপ্রাপ্ত এজেন্সিগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, পরিষেবা উন্নত না হলে বিল থেকে টাকা কাটা হবে এবং প্রয়োজনে বর্তমান টেন্ডার বাতিল করে নতুন সংস্থা নিয়োগ করা হবে।
পরিদর্শনের সময় মন্ত্রী সরোবর চত্বরে একাধিক গুরুতর অব্যবস্থার অভিযোগ তুলেছেন। এর মধ্যে রয়েছে লেক চত্বরে জুয়া ও নেশার আসর বসা, রক্ষণাবেক্ষণের অভাবে সুইমিং পুলগুলি অব্যবহারযোগ্য হয়ে পড়া এবং নথিবিহীন ওপিডি ও ক্লাবের অস্তিত্ব। এছাড়া ফিশিং ক্লাব থেকে রাজস্ব আদায়ের স্বচ্ছতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থা আর বরদাস্ত করা হবে না এবং প্রতিটি পাই-পয়সার হিসেব বুঝে নেওয়া হবে। মন্ত্রীর এই কড়া অবস্থানের ফলে রক্ষণাবেক্ষণকারী সংস্থাগুলির মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।