সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার, বদলে গেল শুভেন্দুর কৌশল!
পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে বড় মোড় নিয়েছে। কলকাতা হাইকোর্টের দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যে আপিল দায়ের করা হয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্যের মন্ত্রিসভা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে রাজ্যের অনগ্রসর শ্রেণি কমিশনও তাদের পৃথক আপিল প্রত্যাহার করে নিয়েছে। শীর্ষ আদালত এই আবেদন মঞ্জুর করলেও জানিয়েছে, অন্য কোনো পক্ষ চাইলে আইনি লড়াই চালিয়ে যেতে পারে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, বর্তমান সরকার ইতিমধ্যে রাজ্যের ওবিসি সংরক্ষণের কাঠামো পুনর্গঠন করেছে। সম্প্রতি বিধানসভায় পাস হওয়া দুটি নতুন বিলের মাধ্যমে ২০১০ সালের আগে সমীক্ষিত ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পূর্বের তালিকার ৭৭টি বিতর্কিত সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছে। ধর্মের ভিত্তিতে মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের পর পূর্ববর্তী রাজ্য সরকার এই মামলাটি চালিয়ে যাচ্ছিল। তবে বর্তমান সরকার হাইকোর্টের ওই রায়কে সম্মান জানিয়ে ওবিসি তালিকা নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে।