অভিষেকের বিরুদ্ধে ফের বিস্ফোরক কল্যাণ, ক্যামাক স্ট্রিট নিয়ে তুলকালাম!
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দপ্তরের কার্যক্রম নিয়ে ফের প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তুলে কল্যাণ দাবি করেছেন, ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণ এবং অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের কর্মকাণ্ডের কারণে দলের অনেক কর্মী পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, “ক্যামাক স্ট্রিটই আমাদের শেষ করে দিল।” এ সময় তিনি তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, অতীতে যাঁরা অভিষেকের ঘনিষ্ঠ ছিলেন এবং আই-প্যাক সংস্থাকে গুরুত্ব দিয়েছিলেন, তাঁরাই এখন পরিস্থিতির বিচারে নিজেদের অবস্থান পরিবর্তন করছেন।
২০২২ সালে আই-প্যাক নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে কোণঠাসা করা হয়েছিল বলেও মনে করিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পাশে না থাকলে দল ছাড়তে হতো তাঁকে। এদিকে, প্রবীণ এই সাংসদের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কোহিনূর মজুমদার। তিনি পাল্টা তোপ দেগে বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উচিত আয়নায় নিজের চেহারা আগে ভালো করে যাচাই করা। মমতার প্রতি আনুগত্য প্রকাশ করলেও, কল্যাণের এ ধরনের ধারাবাহিক আক্রমণ তৃণমূলের অন্দরে অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে।