২১ শে জুলাইয়ের হুঙ্কার, সেদিন মানুষ দেখবেন চন্দ্রিমা!
একুশে জুলাই শহিদ দিবস পালনের প্রস্তুতি নিয়ে জোর তৎপরতা শুরু করেছে ‘নব তৃণমূল’ শিবির। এই উপলক্ষে মঙ্গলবার ইএম বাইপাসের একটি হোটেলে কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমাবেশের আয়োজন, কর্মসূচি ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তৃণমূল নেতা শান্তনু সেন জানিয়েছেন, সমাবেশের শৃঙ্খলা ও কার্যপদ্ধতি পরিচালনার জন্য নির্দিষ্ট ব্যাচ তৈরি করা হয়েছে এবং গান্ধি মূর্তির পাদদেশেই এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সভায় দলের উপস্থিতির বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ৮০ শতাংশ প্রাক্তন পৌরপ্রতিনিধি বৈঠকে যোগ দিয়েছিলেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই শহিদ তর্পণ করা হবে। এদিকে, নব তৃণমূল নেতা আখরুজ্জামান দাবি করেছেন, শহিদ পরিবারের সিংহভাগ সদস্য তাঁদের মঞ্চেই উপস্থিত থাকবেন। এছাড়া দলের নেতা স্নেহাশিষ চক্রবর্তী জানিয়েছেন, কোনো সেলিব্রিটি নয় বরং শহিদ পরিবারের ইচ্ছানুসারেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে এবং গান্ধি মূর্তির সামনে সমাবেশের জন্য প্রয়োজনীয় অনুমতি নিশ্চিত করা হয়েছে।