তারকেশ্বরের ভাগ্যবদল, চালু হচ্ছে বিশেষ তীর্থক্ষেত্র সার্কিট!

তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধনে এসে ধর্মীয় পর্যটন প্রসারে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, তারকেশ্বর ধামকে নতুন রূপ দেওয়ার পাশাপাশি রাজ্যে তৈরি করা হবে ‘তীর্থক্ষেত্র সার্কিট’। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে, তারকেশ্বর মেলার পরিধি বাড়িয়ে একে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া হবে এবং এখন থেকে পুণ্যার্থীদের সুবিধার জন্য সরকারি সেবা কেন্দ্র খোলা থাকবে। এছাড়া, পুণ্যার্থীদের জন্য হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির ঘোষণাও দিয়েছেন তিনি।

তারকেশ্বর মন্দিরের উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, সরকার পরিবর্তনের পর থেকেই তারকেশ্বর ধামকে নতুন করে সাজিয়ে তোলার কাজে বিশেষ জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের সহায়তায় এলাকায় সেবার মান উন্নত করা হচ্ছে। এর আগে, সোমবার নবান্নে রথযাত্রা কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময়ও তিনি তারকেশ্বরের সার্বিক উন্নয়নের এই পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত মন্দিরের মহন্ত শুভেন্দু অধিকারীর এই সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *