‘৯৭-এ পারলে ২৬-এও পারব!’ অস্তিত্বের লড়াইয়ে মমতার হুঙ্কার!
রাজ্য বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও মদন মিত্রের মতো দলের একাধিক হেভিওয়েট নেতা বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ার প্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৭ ও ২০০৪ সালের রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে বলেন, শূন্য থেকে শুরু করে ২০২৬ সালে পুনরায় দলকে শক্তিশালী করার ক্ষমতা তাঁর রয়েছে। তিনি দাবি করেন, সব হারিয়ে ফেললেও রাজ্যের মানুষ ও কর্মীরা তাঁর সঙ্গে আছেন।
দলত্যাগীদের সরাসরি ‘বেইমান’ বলে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, যারা যেতে চায় তারা চলে যাক, কারণ যারা থাকবেন তারাই দলের ‘সোনার খনি’। এছাড়া, এই নেতাদের টিকিটে জয়ী করার জন্য তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। একইসঙ্গে মমতার অভিযোগ, ইডি-সিবিআই ও পুলিশের ভয় দেখিয়ে এবং পরিবারের সদস্যদের গ্রেফতারের হুমকি দিয়ে নেতাদের দল ছাড়তে বাধ্য করা হচ্ছে। চরম এই রাজনৈতিক ডামাডোলের মাঝে আদর্শ বিক্রি করে রাজনীতি করবেন না বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন।