২০২৯-এই কি ‘এক দেশ এক ভোট’, কতটা প্রস্তুত কমিশন!

ভারতে ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর করার লক্ষ্যে বড় ধরনের অগ্রগতি হয়েছে। নির্বাচন কমিশন সংসদীয় কমিটিকে জানিয়েছে, মাত্র ছয় মাসের প্রস্তুতির সুযোগ পেলেই লোকসভা ও সব রাজ্যের বিধানসভা নির্বাচন একসঙ্গে পরিচালনা করা সম্ভব। সংসদীয় কমিটির চেয়ারম্যান পি. পি. চৌধুরী জানিয়েছেন, ২০২৮ সালের মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় আইন পাস হলে আগামী ২০২৯ সাল থেকেই এই ব্যবস্থা কার্যকর করা যেতে পারে। প্রসঙ্গত, স্বাধীনতার পর ১৯৫৪ থেকে ১৯৬০ সাল পর্যন্ত দেশজুড়ে একইভাবে লোকসভা ও বিধানসভার ভোট অনুষ্ঠিত হতো, সেই ঐতিহ্যই বর্তমান সরকার পুনর্বহাল করতে চাইছে।

এই প্রস্তাবের সমর্থনে বলা হচ্ছে, ঘন ঘন নির্বাচনের ফলে নির্বাচনী আচরণবিধির কারণে উন্নয়নমূলক কাজ ও সরকারি পরিষেবা প্রায়ই থমকে যায় এবং সরকারি অর্থের প্রচুর অপচয় ঘটে। ‘এক দেশ, এক ভোট’ নীতি চালু হলে এই সমস্যাগুলোর সমাধান হবে। সাংবিধানিক বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের মৌলিক কাঠামো বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী নয়, বরং এটি কেবল নির্বাচনের সময়সূচিকে এক ছাতার তলায় আনার একটি প্রচেষ্টা। ইতিমধ্যে লখনউয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সেরেছে সংসদীয় কমিটি, যাতে সবার মতামতের ভিত্তিতে একটি সর্বজনগ্রাহ্য আইন প্রণয়ন করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *