৭ বছরের পরকীয়ার পরিণতি, স্বামীর মাথা কেটে বীভৎস হত্যাকাণ্ড!

বাগডোগরায় পরকীয়া সম্পর্কের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রী, প্রেমিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ইমাম বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা এবং পেশায় তান্ত্রিক ছিলেন। গত মঙ্গলবার রাতে বাগডোগরার হাঁসখোয়া চা বাগানের ৯ নম্বর সেকশনে তাঁকে কুপিয়ে খুন করা হয়। খুনের পর নিহতের পরিচয় গোপন করতে দেহ থেকে মাথা আলাদা করে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রী মমিনা বেগম ও তাঁর প্রেমিক সুদীপ পালের বিরুদ্ধে।

চা বাগানে পাতা তোলার সময় শ্রমিকরা মুণ্ডুহীন দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ফাঁসিদেওয়ার মুন্সিবাড়ি এলাকা থেকে নিহতের কাটা মাথা উদ্ধার করে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দীর্ঘ সাত বছরের পরকীয়া প্রেমের পথে বাধা হওয়ায় ইমামকে হত্যার পরিকল্পনা করা হয়। সোমবার কৌশলে ইমামকে কিষাণগঞ্জ থেকে বাগডোগরায় ডেকে এনে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত ইমামের স্ত্রী মমিনা বেগম, প্রেমিক সুদীপ পাল এবং তাদের তিন সহযোগী—নিতাই পাল, বাপি পাল ও কৌশিক নাথকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃত পাঁচজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে বাগডোগরা থানা তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *