স্কুলেই বাধ্যতামূলক যৌনশিক্ষা! কিশোর-কিশোরীদের সুরক্ষায় বড় উদ্যোগ কেন্দ্রের

দেশের শিক্ষাব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। কিশোর-কিশোরীদের সচেতনতা বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্যে স্কুলগুলোতে যৌন শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তুতি চূড়ান্ত করেছে কেন্দ্র এবং এই সংক্রান্ত একটি বিস্তারিত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের অনুমোদনের পর দেশজুড়ে কার্যকর হবে এই নতুন পাঠ্যক্রম। সুপ্রিম কোর্টের বিচারপতি বি. ভি. নাগরত্ন ও বিচারপতি আর. মহাদেবনের বেঞ্চে চলা একটি মামলার প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের পারস্পরিক সম্মতির সম্পর্ক এবং পকসো (POCSO) আইনের অপব্যবহার নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করেছিল।

সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ২৬ সদস্যের জাতীয় বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট অনুযায়ী, নতুন এই পাঠ্যক্রমে প্রাথমিক পর্যায় থেকেই শরীরের গঠন, ব্যক্তিগত সীমারেখা, সম্মতির গুরুত্ব এবং কৈশোরের পরিবর্তন নিয়ে বয়সভিত্তিক শিক্ষা দেওয়া হবে। এর জন্য প্রতিটি স্কুলে বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ করা হবে, যারা সপ্তাহে দুদিন সচেতনতামূলক ক্লাস নেবেন। পাশাপাশি, সমাজ থেকে ভুল ধারণা দূর করতে অভিভাবক ও শিক্ষকদের জন্যও সচেতনতামূলক কর্মসূচি চালানো হবে। বিচারপতি নাগরত্নের মতে, বিশেষজ্ঞ কমিটির এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে তা কিশোর-কিশোরীদের মধ্যে দায়িত্বশীলতা বাড়াবে এবং অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা থেকে তাদের রক্ষা করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *