রোজ একই জলের বোতল ব্যবহার করেন? অজান্তেই ডেকে আনছেন মারণ রোগ!
দীর্ঘদিন ধরে একই জলের বোতল ব্যবহার করার অভ্যাস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর তথ্য অনুযায়ী, জল পান করার সময় মুখের লালা বোতলের ভেতর মিশে যায়, যা নিয়মিত পরিষ্কার না করলে আর্দ্র পরিবেশে ব্যাকটেরিয়া ও জীবাণুর বংশবিস্তারের সুযোগ তৈরি করে। এ কারণে স্বাস্থ্য সুরক্ষায় বারবার ব্যবহারযোগ্য বোতল প্রতিদিন সাবান-জল দিয়ে পরিষ্কার করা বাধ্যতামূলক।
প্লাস্টিকের বোতল ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। একবার ব্যবহারের উপযোগী প্লাস্টিকের বোতল পুনরায় ব্যবহার করা উচিত নয়। পাশাপাশি বোতলে ফাটল, গভীর আঁচড়, দুর্গন্ধ বা রঙের পরিবর্তন দেখা দিলে তা বর্জন করা প্রয়োজন, কারণ জরাজীর্ণ বোতলে জীবাণু দূর করা প্রায় অসম্ভব। এছাড়া নিয়মিত পরিষ্কারের পরেও দুর্গন্ধ থেকে গেলে বা ঢাকনা সঠিকভাবে কাজ না করলেও বোতল বদলে ফেলা জরুরি।
বোতল পরিষ্কারের ক্ষেত্রে হালকা গরম জল, মৃদু লিকুইড সোপ বা বেকিং সোডা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। ব্রাশ দিয়ে বোতলের খাঁজ ও ঢাকনা ভালোভাবে পরিষ্কার করার পাশাপাশি ধোয়ার পর তা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। বিশেষজ্ঞগণ সতর্ক করে বলেছেন, ভেজা বোতলে জল রাখলে ছত্রাক বা ফাঙ্গাস জন্মানোর প্রবল সম্ভাবনা থাকে, তাই পানীয় জলের বিশুদ্ধতা নিশ্চিতে বোতলের পরিচ্ছন্নতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।