সুপ্রিম কোর্টে বড় জয় নবান্নের, বাতিল ৯০০ অবৈধ মাদ্রাসা কর্মীর নিয়োগ!

রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে গত ১৫ বছরে হওয়া প্রায় ৯০০-র বেশি বিতর্কিত নিয়োগের বৈধতা চেয়ে করা সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নেতৃত্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করেই শীর্ষ আদালত এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় আদালত এই পদক্ষেপ নিল।

তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে যে, কোনো প্রকার সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া ছাড়াই পছন্দের প্রার্থীদের নিয়োগ করা হয়েছিল এবং সরকারি নিয়ম অনুযায়ী কোনো শূন্যপদ না থাকা সত্ত্বেও নিয়োগপত্র বিলি করা হয়েছে। এছাড়া, এই নিয়োগের ক্ষেত্রে কোনো বৈধ সিলেকশন কমিটি ছিল না এবং বেশিরভাগ কর্মীর উপযুক্ত যোগ্যতার প্রমাণপত্রও পাওয়া যায়নি। দীর্ঘ দেড় দশক ধরে চলা এই আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে ওই কর্মীদের চাকরির স্থায়ীকরণের দাবি বাতিল হয়ে গেল।

সুপ্রিম কোর্টের এই রায়ের পর সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানে স্বচ্ছতা বজায় রাখতে তৎপর হয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর। যে সমস্ত ক্ষেত্রে গুরুতর জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে, সেইসব ঘটনায় থানায় এফআইআর দায়ের করার আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *