ইসরোর ১০০ বিজ্ঞানীর ইস্তফা, অন্দরে কি বড় কোনো সংকট?
গত কয়েক মাসে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) থেকে ১০০ জন শীর্ষ বিজ্ঞানীর পদত্যাগের ঘটনায় দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। গগনযানসহ একাধিক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের প্রস্তুতির মাঝেই বিজ্ঞানীদের এই ইস্তফা সংস্থার জন্য বড় কোনো ধাক্কা কি না, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। তবে পরিস্থিতি নিয়ে সৃষ্ট যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং জানিয়েছেন, এটি কেবলই একটি প্রশাসনিক প্রক্রিয়া। মন্ত্রীর দাবি, ইসরোর মতো বড় বৈজ্ঞানিক প্রতিষ্ঠানে কর্মীদের আসা-যাওয়ার বিষয়টি অত্যন্ত স্বাভাবিক এবং এতে কোনো বিতর্কের অবকাশ নেই।
বিজ্ঞানী বা কর্মীদের পদত্যাগের প্রভাব সংস্থার চলমান প্রকল্পগুলোতে পড়বে না বলে কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছে। এর মধ্যেই মহাকাশ বিভাগ (ডিপার্টমেন্ট অফ স্পেস) ইস্তফা বা স্বেচ্ছাবসরের ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ইসরোর কোনো কর্মী ইস্তফা বা স্বেচ্ছাবসর নিতে চাইলে তা সরাসরি মহাকাশ বিভাগের অনুমোদন ছাড়া কার্যকর হবে না। উল্লেখ্য, বর্তমানে ইসরো গগনযান মিশন, নিজস্ব স্পেস স্টেশন তৈরি এবং নতুন প্রজন্মের লঞ্চ ভেহিকেল নির্মাণসহ একাধিক বড় প্রজেক্টের কাজে ব্যস্ত রয়েছে।