ডানকুনিতে কর্মসংস্থানের নতুন জোয়ার, শিল্পায়নে চমক লাক্সের!
রাজ্যের শিল্পক্ষেত্রে বড় সাফল্য হিসেবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) তালিকাভুক্ত হলো বাংলার কোম্পানি ‘লেজার পাওয়ার অ্যান্ড ইনফ্রা লিমিটেড’ এবং ডানকুনিতে শুরু হলো ‘লাক্স কোজি’-র ৬০০ কোটি টাকা বিনিয়োগের মেগা প্রকল্পের কাজ। ৩,৪০০ কোটি টাকার বাজার মূলধন নিয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লেজার পাওয়ারের এই অন্তর্ভুক্তি রাজ্যের শিল্পক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। একইসঙ্গে ডানকুনিতে ২০ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে গড়ে ওঠা লাক্স কোজির এই নতুন উৎপাদন ইউনিট অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
ডানকুনিতে এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৯,০০০ জনের কর্মসংস্থান হবে এবং বছরে প্রায় ১,০০০ কোটি টাকার রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে। প্রকল্পের কার্যক্রম শুরু হলে সংস্থার বার্ষিক উৎপাদন ক্ষমতা ২০ কোটি পিস থেকে বেড়ে ৩৫ কোটি পিসে পৌঁছাবে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শিল্পমন্ত্রী তাপস রায় এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শিল্পমন্ত্রী তাপস রায় জানান, পুজোর আগে রাজ্যে এ ধরনের আরও পাঁচটি প্রকল্প আসার সম্ভাবনা রয়েছে, যা রাজ্যের শিল্প খরা কাটিয়ে কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করবে।