আবার কি ফিরছে কোভিডের আতঙ্ক, মাস্ক কি তবে বাধ্যতামূলক?
ভারতে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং ইতোমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বর্ষা মৌসুমে ঋতু পরিবর্তনের ফলে এমনিতেই সাধারণ সর্দি-জ্বরের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কোভিডের এই নতুন সংক্রমণের খবরে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা এখনই সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক না করলেও, বিশেষ করে বয়স্ক, ডায়াবেটিস রোগী এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ভিড় এলাকায় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
চিকিৎসকদের মতে, ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে এন৯৫ (N95) মাস্ক সবচেয়ে বেশি কার্যকর, তবে এটি সহজলভ্য না হলে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা যেতে পারে; সাধারণ কাপড়ের মাস্কে পর্যাপ্ত সুরক্ষা পাওয়া যায় না। এছাড়া জ্বর, সর্দি, কাশি বা হাঁচির মতো উপসর্গ কয়েকদিন স্থায়ী হলে এবং বিশেষ করে শ্বাসকষ্ট দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং প্রয়োজনে কোভিড পরীক্ষা করাতে বলা হয়েছে। এছাড়া রাস্তায় চলাচলের সময় দূষণ থেকে ফুসফুসকে সুরক্ষার জন্যও মাস্ক ব্যবহার করা বুদ্ধিমানের কাজ বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা।