ছোট পোশাকে মন্দিরে প্রবেশ নিষেধ! শ্রাবণে মহিলাদের জন্য জারি হলো কড়া ফতোয়া
আগামী ৩০ জুলাই থেকে পবিত্র শ্রাবণ মাস শুরু হওয়ার প্রেক্ষাপটে প্রয়াগরাজ যমুনা তীরের প্রাচীন মানকামেশ্বর মন্দিরে কঠোর পোশাকবিধি (Dress Code) জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, মন্দিরে পুজো দিতে আসা মহিলাদের ছোট বা খোলামেলা পোশাক পরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরিবর্তে তাঁদের শাড়ি বা সালোয়ার-স্যুটের মতো শালীন পোশাকে মন্দিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে পুরুষদেরও ধুতি বা মার্জিত পোশাক পরার অনুরোধ জানানো হয়েছে।
পোশাকবিধির পাশাপাশি আরও কিছু নিয়ম চালু করা হয়েছে। ভিড়ের মধ্যে চুরির আশঙ্কা এড়াতে পুণ্যার্থীদের অতিরিক্ত সোনা বা রুপোর গয়না পরে আসতে বারণ করা হয়েছে এবং শিবলিঙ্গের কাছে দীর্ঘ সময় ধরে বসে পুজো করা নিষিদ্ধ করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের মতে, অন্যান্য ভক্তদের মনোযোগ অটুট রাখা এবং আরাধনায় সুবিধার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্দির চত্বরে ইতিমধ্যে এই নির্দেশিকা সম্বলিত বিজ্ঞপ্তি বোর্ড লাগানো হয়েছে এবং স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নিয়ম না মানলে কাউকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।