জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পেয়েই উধাও, হাওড়ার প্রতিভাবান শুটারের খোঁজে তোলপাড়!
জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পাওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল হাওড়ার ১৫ বছর বয়সী রাজ্যস্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। বৃহস্পতিবার সকালে কেনাকাটার নাম করে বাড়ি থেকে বেরোনোর পর থেকে গত ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। এই ঘটনায় ক্রীড়ামহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী প্রখ্যাত অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছিল।
পরিবার সূত্রে জানানো হয়েছে, নিখোঁজ হওয়ার সময় দময়ন্তীর পরনে ছিল গোলাপি রঙের হাফ টি-শার্ট এবং হাফ প্যান্ট। সে নিজের মোবাইল ফোনটি বাড়িতেই রেখে গিয়েছিল। এ ঘটনায় হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশের তদন্তে সিসিটিভি ফুটেজে তাকে শেষবার হাওড়া স্টেশনের ৪-৫ নম্বর প্ল্যাটফর্মের কাছে দেখা গিয়েছে। এছাড়া শুক্রবার সকালে দময়ন্তীর পরিবারের কাছে একটি ফোন আসে, যেখানে জানানো হয় যে তাকে শ্রীরামপুরের মাহেশে দেখা গেছে। ওই তথ্যের ভিত্তিতে পুলিশ বর্তমানে জোরদার তল্লাশি চালাচ্ছে।