মুর্শিদাবাদে ট্রেন-পুলকার সংঘর্ষে প্রাণ গেল ৪ শিশুসহ ৫ জনের!
মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ-গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় স্কুলপড়ুয়াদের বহনকারী পুলকার ও এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে একটি ট্রেন যাওয়ার পর লেভেল ক্রসিংয়ের গেট খুলে দিলে দ্রুতগতির নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি সেখানে চলে আসে। এর ফলে ঘটনাস্থলেই সাত বছরের ফারহানা বেগম, আট বছরের জাসিকা শবনম এবং ৫০ বছর বয়সি সাইকেল আরোহী জামশেদ শেখের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশু, পাঁচ বছরের ইসানুর রহমান ও সাত বছরের তামান্না পারভিনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। গুরুতর আহত অবস্থায় চালক সাহেব শেখ, পড়ুয়া আনিশা খাতুনসহ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই দুর্ঘটনায় রেলগেটের দায়িত্বে থাকা কর্মীর বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। অভিযোগ, প্রথম ট্রেনটি চলে যাওয়ার পর গেট খোলা হলেও দ্বিতীয় ট্রেন আসার আগে তা নামানো হয়নি এবং গেটম্যান মদ্যপ অবস্থায় ছিলেন। যদিও রেল কর্তৃপক্ষ সিগন্যালে কোনো ত্রুটির কথা অস্বীকার করেছে। অভিযুক্ত গেটম্যানকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং রেলের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।