৩৮ কোটির জমি কেলেঙ্কারি, ইডির চার্জশিটে ফাঁস ‘সোনা পাপ্পু’র চাঞ্চল্যকর কীর্তি!

কসবা ও সংলগ্ন এলাকায় জোরপূর্বক জমি দখল এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে মূল অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’-র বিরুদ্ধে কলকাতার বিশেষ ইডি আদালতে ১০০ পাতার চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতারির দুই মাসের মাথায় পেশ করা এই চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৩৮ কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ তুলেছে। ইডির দাবি, সংস্থাটি এই মামলায় প্রায় ২০০ জনকে সাক্ষী হিসেবে রেখেছে এবং তদন্তে প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের প্রত্যক্ষ মদতের তথ্য উঠে এসেছে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, সোনা পাপ্পু মূলত প্রবীণ ও অসহায় জমির মালিকদের ভয় দেখিয়ে জলের দরে জমি লিখিয়ে নিত এবং পরে সেখানে বেআইনি নির্মাণ গড়ে তুলত। এছাড়া জয় কামদার নামে অপর এক অভিযুক্তের সহায়তায় স্ত্রীর নামে অস্ত্রের লাইসেন্স নেওয়ার তথ্যও চার্জশিটে উল্লেখ করা হয়েছে, যার প্রেক্ষিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ইডি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পেশিশক্তি ব্যবহার করে জমি দখলের অভিযোগ থাকা বিশ্বজিৎ পোদ্দারকে নানা অসঙ্গতির জেরে গত ১৮ মে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে জমি প্রতারণা ছাড়াও একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *