শনি-রবিবারও অফিস বাধ্যতামূলক, কর্মীদের জন্য কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের!

প্রশাসনিক কাজকর্ম সচল রাখতে এখন থেকে শনি-রবিবার ও সরকারি ছুটির দিনেও খোলা থাকবে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিবের সই করা নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কাজের প্রয়োজনে সংশ্লিষ্ট ডিরেক্টরেট বা শাখার নির্দেশ মেনে আধিকারিক ও কর্মীদের ছুটির দিনেও অফিসে হাজিরা দিতে হবে। কর্মীদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট শাখার প্রধানকে আগের দিন বিকেল ৪টের মধ্যে ‘রস্টার’ বা তালিকা জি-এ শাখায় জমা দিতে হবে।

এই কঠোর নির্দেশিকায় আধিকারিকদের পাশাপাশি প্রয়োজনে দফতরের গাড়িচালকদেরও ছুটির দিনে ডিউটি করতে হবে। তবে দায়িত্ব পালনরত কর্মী ও আধিকারিকদের জন্য অফিসেই আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে, যার খরচ বহন করবে পশ্চিমবঙ্গ স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তহবিল। স্বাস্থ্য ভবনের সমস্ত আধিকারিক ও প্রশাসনিক শাখায় এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের ডিউটির সময়সীমা নিয়ে সাম্প্রতিক বিতর্কের রেশ কাটতে না কাটতেই স্বাস্থ্য দফতরের কর্মীদের জন্য এই নতুন হাজিরা বিধি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *