রেড অ্যালার্ট, মঙ্গলবার থেকে ভাসবে দক্ষিণবঙ্গ! কোথায় কেমন বৃষ্টি?
আষাঢ়ের শেষে ফের সক্রিয় হয়ে উঠেছে বর্ষা। শনিবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়বে, আর উত্তরবঙ্গের জেলাগুলোতে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল থাকায় শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনি ও রবিবার ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টির আশঙ্কায় অতিভারী বৃষ্টির সতর্কতা বা রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও সোমবার পর্যন্ত অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।