অবশেষে খোঁজ মিলল বাংলার নিখোঁজ শুটার দময়ন্তীর, কীভাবে উদ্ধার হলেন তিনি?

দীর্ঘ তিন দিন নিখোঁজ থাকার পর অবশেষে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। শনিবার ভোরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায় স্থানীয়রা তাঁকে একা অবস্থায় দেখতে পেয়ে খবর দেন। দময়ন্তীর মা মৌমিতা রায় সেন এবং তাঁর কোচ জয়দীপ কর্মকার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার ও কোচের দাবি অনুযায়ী, দময়ন্তী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

গত বৃহস্পতিবার হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাড়ি থেকে কেনাকাটা করতে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পাওয়া এই শুটার। তাঁকে শেষবার হাওড়া স্টেশনে দেখা গিয়েছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর শুক্রবার রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয় পরিবার এবং হাওড়া সিটি পুলিশের উদ্যোগে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। তবে গত তিন দিন দময়ন্তী কোথায় ছিলেন বা কেন তিনি নিখোঁজ হয়েছিলেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। গোটা ঘটনার রহস্য উন্মোচনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *