মহাকাশে ইতিহাস গড়ল ভারতের প্রথম বেসরকারি রকেট!

ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক স্থাপন করে শনিবার সকাল সাড়ে ১১টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেট ‘বিক্রম-১’। হায়দরাবাদ-ভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা ‘স্কাইরুট অ্যারোস্পেস’-এর তৈরি এই রকেটটি ‘মিশন আগমন’-এর আওতায় পৃথিবী থেকে প্রায় ৪৫০ কিলোমিটার উচ্চতায় নির্দিষ্ট ‘লো-আর্থ অরবিটে’ একাধিক ছোট উপগ্রহ সফলভাবে স্থাপন করেছে। পুরো উৎক্ষেপণ প্রক্রিয়ার ওপর ইসরোর বিজ্ঞানীরা নিবিড় নজরদারি রেখেছিলেন।

চার ধাপের এই রকেটের প্রথম তিনটিতে কঠিন এবং চতুর্থ ধাপে তরল জ্বালানিচালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা প্রয়োজনে মাঝপথে ফের চালু করা সম্ভব। এর ফলে উপগ্রহগুলোকে কক্ষপথে আরও নিখুঁতভাবে বসানো যায়। ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাইরুট অ্যারোস্পেস এর আগে ২০২২ সালে ‘বিক্রম-এস’ নামে একটি সাব-অরবিটাল রকেট উৎক্ষেপণ করেছিল। এবারের অরবিটাল মিশনের এই সাফল্য ভারত থেকে ভবিষ্যতে কম খরচে বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণের পথ আরও প্রশস্ত করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *