প্রকাশ্য রাস্তায় আইনজীবীকে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ তৃণমূল নেতা!
আইনজীবীর ওপর প্রাণঘাতী হামলায় অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত
কলকাতা: তোলাবাজির মামলায় জেলবন্দি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে এবার এক আইনজীবীর ওপর প্রাণঘাতী হামলায় মদত দেওয়ার অভিযোগ উঠল। কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন এই কাউন্সিলরের বিরুদ্ধে চলা একটি মামলার সঙ্গে যুক্ত ওই আইনজীবী অভিযোগ করেছেন, তাকে মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। এই হুমকির জেরে পুলিশের দ্বারস্থ হওয়ার সময় পাটুলিতে দুষ্কৃতীদের হামলার শিকার হন তিনি। অভিযোগ, ছুরি নিয়ে আক্রমণের সময় হামলাকারীরা বাপ্পাদিত্য দাশগুপ্তের নাম উল্লেখ করছিল, যার ফলে তারা ওই নেতার অনুগামী বলেই দাবি করেছেন আক্রান্ত আইনজীবী। এই ঘটনায় পাটুলি থানা, কলকাতার পুলিশ কমিশনারসহ শীর্ষস্থানীয় পুলিশ কর্তাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।
সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে অতীতে এলাকায় তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা ও দুর্নীতিতে জড়িত থাকার মতো একাধিক অভিযোগ রয়েছে। সিবিআইয়ের জেরার মুখে পড়া এই নেতাকে কয়েকমাস আগেই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতেই রয়েছেন। জেলবন্দি থাকা অবস্থায় আইনজীবীকে খুনের চেষ্টার নতুন এই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আক্রান্ত আইনজীবী অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।