একুশের মঞ্চের পরেই ফেসবুকে বিস্ফোরণ, ‘কালীঘাটই শেষ করবে দল’!
২১ জুলাইয়ের শহিদ সভার রেশ কাটতে না কাটতেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। অনুষ্ঠানের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকবিতণ্ডার পর গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক পোস্টে তিনি দলের শীর্ষ নেতৃত্ব ও পরিচালনার পদ্ধতির বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়েছেন।
ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই তিনি বক্তৃতা শুরু করেছিলেন, তাই প্রকাশ্য মঞ্চে নেত্রীর আপত্তিতে তিনি অপমানিত বোধ করেছেন। পাশাপাশি, দলের প্রভাবশালী একটি মহলকে ইঙ্গিত করে তিনি মন্তব্য করেছেন যে ‘কালীঘাট সূত্রই দলটাকে শেষ করে দেবে’। এদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মানিকতলার পরাজিত তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে, যা শাসকদলের অন্দরের অসন্তোষকে আরও জোরালো করে তুলেছে। প্রসঙ্গত, ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রকাশ্য টানাপোড়েন ও কথা কাটাকাটির ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।