অন্ধ স্নেহের মর্মান্তিক পরিণতি, মদ্যপ ছেলের হাতে খুন বৃদ্ধা মা!
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার খঞ্চি গ্রামে মদ্যপ ছেলের হাতে খুন হলেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মা। মঙ্গলবার রাতে মা সন্ধ্যা হাজরার সঙ্গে তার ছেলে শঙ্কর হাজরার তীব্র বচসা হয়। সেই সময় মদ্যপ অবস্থায় থাকা ছেলেটি তার মায়ের মাথা বারবার দেওয়ালে ঠুকে দেয়, যার ফলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধার মৃত্যু হয়। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই মদ্যপানে আসক্ত ছিল এবং প্রায়ই মায়ের ওপর নির্যাতন চালাত।
প্রতিবেশীরা অভিযুক্ত শঙ্কর হাজরাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, মদ্যপ ছেলের অকথ্য অত্যাচারের বিষয়ে প্রতিবেশীরা বারবার সন্ধ্যা দেবীকে থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিলেও, ছেলের অনিষ্টের আশঙ্কায় তিনি কখনোই আইনত পদক্ষেপ নেননি। গ্রেফতারকৃত অভিযুক্তকে আজ তমলুক আদালতে তোলা হবে।