বিদ্যুৎ চুরি রুখতে কড়া পদক্ষেপ, বকেয়া থাকলেই কাটা হবে লাইন!
রাজ্যে বিদ্যুৎ চুরি রুখতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ হুকিং সম্পূর্ণ বন্ধ করতে বিদ্যুৎ দফতরকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, বিদ্যুৎ হুকিং শূন্যতে নামিয়ে আনতে প্রয়োজনে ‘র্যান্ডম লাইন কাটা’-র মতো পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বকেয়া বিল যেকোনো মূল্যে আদায়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি। তাঁর মতে, বকেয়া বিল মেটানোর ক্ষেত্রে মূলত রাজনৈতিক নেতাদের প্রতিষ্ঠানগুলোই সবচেয়ে বেশি ফাঁকি দিচ্ছে।
তবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কড়াকড়ি বজায় রাখলেও, সাধারণ গৃহস্থের বিষয়ে বিদ্যুৎ দফতরকে মানবিক হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে সরাসরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে, আগে নোটিশ দিয়ে তাদের সমস্যার কথা শুনতে এবং পুরনো বিলের রেকর্ড খতিয়ে দেখে সমাধানের পথ খুঁজতে নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা বিদ্যুৎ চুরি এবং বকেয়া বিল সংক্রান্ত সমস্যা দূর করে বিদ্যুৎ পরিষেবাকে আরও স্বচ্ছ করে তুলতেই মুখ্যমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন।