মাকে খুন করে চিতাবাঘের ওপর দোষ! ছেলের সাজানো নাটক ফাঁস হতেই স্তম্ভিত পুলিশ!
উত্তরপ্রদেশের বিজনোরের হিমপুর দীপা থানার অভিপুর জাট গ্রামে পারিবারিক অশান্তির জেরে নিজের জন্মদাত্রী মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে বাহার সিং নামে এক যুবকের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর ঘটনাটিকে ‘চিতাবাঘের আক্রমণ’ হিসেবে প্রচার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল সে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও পুলিশের তৎপরতায় দীর্ঘদিনের সাজানো নাটকটি শেষ পর্যন্ত ফাঁস হয়ে যায়।
মৃত বিরো দেবীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে চিতাবাঘের আতঙ্ক তৈরি হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালে চিকিৎসকদের সন্দেহ দানা বাঁধে। এরপর মৃতার ছোট ছেলে বাহার সিংয়ের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। টানা জেরা করলে দোষী যুবক স্বীকার করে যে, পারিবারিক কলহের জেরে রাগের মাথায় সে তার মাকে শ্বাসরোধ করে খুন করেছে এবং পুলিশের নজর এড়াতে বন্যপ্রাণীর হামলার মিথ্যা কাহিনী সাজিয়েছিল। চাঁদপুর থানার আধিকারিক দেশদীপক সিং জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।