কলকাতায় বাড়ি বানাচ্ছেন? KMC-র নতুন নিয়মে মাথায় হাত মালিকদের!
কলকাতা পুরনিগমের সাম্প্রতিক এক নির্দেশনার জেরে শহরের হাজার হাজার বাড়ির মালিক ‘কমপ্লিশন সার্টিফিকেট’ (সিসি) পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। পুর প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এখন থেকে সিসি পাওয়ার ক্ষেত্রে কোনো মৌখিক নির্দেশ বা অফিস অর্ডার কার্যকর হবে না; বরং নির্মাণকাজ সম্পূর্ণভাবে গেজেট নোটিফিকেশনের নিয়ম মেনেই হতে হবে। এই কড়াকড়ির ফলে পুরনো ও শিথিল নিয়মের ওপর ভিত্তি করে যেসব বাড়ির নির্মাণকাজ শুরু বা শেষ হয়েছে, তাদের মালিকরা নতুন আইনি জটে পড়েছেন।
তারাতলা বিপর্যয়ের পর পুরসভা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করায় নিয়ম প্রয়োগের ক্ষেত্রে এই কঠোরতা দেখা দিয়েছে। বর্তমানে গেজেট নোটিফিকেশনের কঠোর নিয়মের সঙ্গে অনেক বাড়ির নকশার অমিল থাকায় সিসি পেতে বেগ পেতে হচ্ছে। লাইসেন্সপ্রাপ্ত বিল্ডিং সার্ভেয়ারদের (এলবিএস) মতে, দ্রুত এই আইনি জটিলতার সমাধান না হলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি শহরে বেআইনি নির্মাণ বাড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুরনিগমকে অবহিত করা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকা বাড়ি মালিকদের ভবিষ্যৎ এখন পুর প্রশাসনের এই নতুন নিয়মের ওপরই নির্ভর করছে।