জেন-জির মন জিততে মোদীর নতুন চমক!
প্রচলিত টেলিভিশন ভাষণের গণ্ডী পেরিয়ে ডিজিটাল প্রজন্মের সঙ্গে যুক্ত হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছেন। গত দুই দিনে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে গভীর রাতে সেলফি-স্টাইল লাইভ ভিডিও বার্তা রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। বিশেষ করে, নিট (NEET) পরীক্ষা সংক্রান্ত বিষয়ে দেওয়া তার প্রথম ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে ৩৫২ মিলিয়নের বেশি ভিউ অর্জন করে নতুন রেকর্ড তৈরি করেছে।
নিজের চিরাচরিত ‘মিত্রো’ সম্বোধন পরিবর্তন করে প্রধানমন্ত্রী বর্তমান প্রজন্মের জেন-জি (Gen Z) ব্যবহারকারীদের উদ্দেশ্যে ‘ফ্রেন্ডস’ শব্দটি ব্যবহার করছেন। ডিজিটাল প্ল্যাটফর্মে তরুণ প্রজন্মের আরও কাছাকাছি পৌঁছাতে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদেরও ইনস্টাগ্রামে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন। মূলত অ্যালগরিদম এবং রিলস-নির্ভর তরুণ প্রজন্মের ভাষা বুঝতে এবং তাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই ডিজিটাল-ফার্স্ট কৌশল গ্রহণ করেছেন।